ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামের নবগ্রাম এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো পাঁচজন।
নিহত জেসমিন আক্তার (৪২) পৌর এলাকার বালুজুড়ি গ্রামের মন্তু মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালুজুড়ির জেসমিন আক্তার, তার মেয়ে নুসরাত জাহান, নাটাপাড়া গ্রামের জাফর আহম্মেদের স্ত্রী মমতাজ বেগম, একই গ্রামের ফুল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম এবং এতিম আলীর স্ত্রী কহিনুর বেগম সোমবার দুপুর ১২টার সময় চৌদ্দগ্রাম বাজারে খরচ শেষে নাটাপাড়ার নিজাম উদ্দিনের অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় উল্টোপথে যাওয়ার সময় কে.কে ট্রাভেলসের একটি বাসের ধাক্কায় অটোরিকশাটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে নিহত হন জেসমিন আক্তার। আহত হন অটোরিকশা চালক নিজাম উদ্দিনসহ চারজন যাত্রী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় নেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রবিউল হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন জেসমিন আক্তার। আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট আবদুল জাব্বার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার শেষে থানায় নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

