কুমিল্লার বরুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার কুমিল্লা-বরুড়া সড়কের দেওড়া ফকিরা মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুল্লাহ সবুজ (২২) সবুজ বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের হাজারপাড় গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
বাসের চালক মনির হোসেন জানান, গাড়ি চালানোর সময় হঠাৎ স্টিয়ারিং লক হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এদিকে নিহত হেলপারের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় শ্রমিক নেতা আবদুল জলিল। একই সঙ্গে বলাকা বাস মালিক সমিতির পক্ষ থেকেও নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি জানান।
বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় সড়কের পাশের পল্লী বিদ্যুতের একটি খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

