সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীরের (মখা আলমগীর) ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। চাঁদাবাজি, ভাঙচুর, হত্যার হুমকির অভিযোগে তাকে হাজতে পাঠানো হয়েছে।
বুধবার চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময় কুমার দে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের সিএসআই আবু নছর নিপু বলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের গাড়ি চালক মতিউর রহমান মামলাটি করেন। এ মামলার এক নাম্বার আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর। আটক হেলাল উদ্দিন এই মামলার ৬ নম্বর আসামি। মামলায় ৮৯ জন নামীয় এবং পাঁচ শতাধিক অজ্ঞাত আসামি রয়েছে।
কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ শহীদুল্লা বলেন, এ মামলার আসামি হেলাল উদ্দিন উচ্চ আদালত থেকে ছয় মাসের আগাম জামিন নিয়েছিলেন। তিনি নির্ধারিত সময়ের পরে নিম্ন আদালতে হাজির হয়ে আদালতকে উচ্চ আদালতের মেয়াদ উত্তীর্ণ জামিন নামা দিয়ে স্থায়ী জামিনের আবেদন করেন।
বিষয়টি নিয়ে রাষ্ট্রপক্ষের সিএসআই আদালতে আপত্তি তোলেন আসামির জামিন নামঞ্জুর করার আবেদন করেন।
বিচারক জামিন নিয়ে প্রতারণা এবং ভাঙচুর হত্যার হুমকি ইত্যাদি অভিযোগে তাকে জেল হাজতে পাঠান।
উল্লেখ্য, অ্যাডভোকেট হেলাল উদ্দিন কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে ফ্যাসিস্ট সরকারের আমলে বহু মানুষকে ক্ষতিগ্রস্ত করেন। নামে বেনামে বহু নিরপরাধ মানুষকে মামলা দিয়ে হয়রানি করেন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

