ফরিদগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

ফরিদগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ইয়াসিন হোসেন সোহান (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে। ইয়াসিন হোসেন সোহান ওই গ্রামের মো. জসিম উদ্দিন ও হালিমা দম্পতির বড় ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রোববার চাঁদপুরে মর্গে পাঠিয়েছে।

স্থানীয় মো. গোফরান মিয়া বলেন, ইয়াসিন হোসেন সোহান চার ভাই বোনের মধ্য বড়। তার বাবা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কয়েক মাস আগে তার মায়ের শরীরে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে আর্থিক অনটনে ভুগতে থাকে তারা। শনিবার বিকালে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। রাত ৯টা নাগাদ দরজা না খোলায় তাকে ডাকাডাকি করা হয়। একপর্যায়ে দরজা ভেঙে দেখা যায় সিলিং ফ্যানে ঝুলে আছেন ইয়াসিন।

এর আগে ইয়াসিন হোসেন সোহান নিজের ফেসবুকে একটি পোস্ট দেন।

পোস্টে তিনি লেখেন: ‘আমার মা-বাবা হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। কীভাবে ক্ষমা করবে বলেন! আমি যে তাদের স্বার্থপর ছেলে। আমার জায়গায় যদি একটা মেয়ে জন্মাইতো তাইলে হয়তো তাদের এই দুর্দিন দেখতে হইতো না।’

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার এসআই মো. মাহবুব আলম বলেন, সোহানের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন