প্রশাসনের নির্দেশনা অমান্য করায় দুই পর্যটক গাইড সাময়িক বহিষ্কার

প্রশাসনের নির্দেশনা অমান্য করায় দুই পর্যটক গাইড সাময়িক বহিষ্কার

উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করার অভিযোগে বান্দরবানের থানচি উপজেলার দুই পর্যটক গাইডকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। উপজেলা প্রশাসনের পৃথক দুটি অফিস আদেশে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থানচির দুই পর্যটক গাইডকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটক গাইড সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সালের স্বাক্ষরিত অফিস আদেশে পর্যটক গাইড আবুল হোসেনকে (পিতা- মৃত আহমদ নুর, গাইড আইডি নং-২) সাময়িক বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার জারি করা আদেশে বলা হয়, প্রশাসনের নির্দেশনা অমান্য করে পর্যটকদের নিয়ে ভ্রমণে যাওয়ার অভিযোগে আবুল হোসেনকে ৬ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সব ধরনের গাইডিং কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এদিকে এর আগে জারি করা আরেকটি অফিস আদেশে পর্যটক গাইড গার্ডেন ত্রিপুরাকে (পিতা- মৃত আশা চন্দ্র ত্রিপুরা, গাইড আইডি নং-৩৪) সাময়িক বহিষ্কার করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পর্যটকদের নিয়ে নিষিদ্ধ এলাকায় ভ্রমণ এবং এক পর্যটকের নৌকাডুবিতে মৃত্যুর ঘটনায় গার্ডেন ত্রিপুরার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই আদেশে তাকে অনির্দিষ্টকালের জন্য গাইডিং কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি নির্দেশনা কার্যকর রাখতে নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন