আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনি প্রচারে মানুষের অভূতপূর্ব উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
রোববার বিকেলে সরাইল–নাসিরনগর–লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে গরুর বাজার এলাকা থেকে শুরু হওয়া বিশাল গণমিছিলে সরাইল উপজেলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
গণমিছিল ঘিরে পথে পথে স্লোগান, করতালি ও ফুলেল শুভেচ্ছায় মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা। নারী ও তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে হাঁস মার্কার প্রতি সমর্থন জানান।
গণমিছিল ও প্রচারকালে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘মানুষ এখন পরিবর্তনের পক্ষে। ভয় নয়, বিবেকের শক্তিতে ভোট দিতে হবে। জনগণের ভোটেই প্রতিষ্ঠিত হবে সত্যিকারের গণতন্ত্র।’
তিনি সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এবং এলাকার টেকসই উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত পথসভায় সকলকে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
গণমিছিলে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ বিষয়ে চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সদ্য বহিষ্কৃত মাসুম মিয়া আমার দেশ-কে বলেন, ‘ভয়ভীতি দেখিয়ে ১২ তারিখে প্রার্থীর হাঁস মার্কার বিজয় ঠেকানো যাবে না। ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের ভোটার আমাদের নেত্রীর হাঁস মার্কার পাশে আছেন। ইনশাআল্লাহ, বিজয় আমাদেরই হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

