নোয়াখালীর সোনাইমুড়ীতে হত্যা ডাকাতি অস্ত্র মাদকসহ ডজন মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী যুবলীগ ক্যাডার জাকির হোসেন (৪৫) খুন হয়েছে। তবে পুলিশ বলেছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির সোনাইমুড়ী উপজেলা ৮নং সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের তিনতেড়ী এলাকার দুর্গা পাটোয়ারী বাড়ির রফিক উল্লাহ মিস্ত্রির ছেলে।
স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানায়, উপজেলায় মাটি বিক্রি নিয়ে দ্বন্দ্বে জাকির হোসেনকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় ১১টি ও বেগমগঞ্জ থানায় দুইটিসহ ১৩টি মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর সে তাবলিগে চলে যান। তাবলিগ শেষে মুখে দাঁড়ি রেখে কয়েক মাস আগে সবার কাছে ক্ষমা চেয়ে এলাকায় ঢোকেন। এরপর তিনি এলাকায় মাটির ব্যবসা শুরু করেন। জাকির প্রতি গাড়ি মাটি বিক্রি করে ১২ শত টাকা। একই এলাকার ল্যাংড়া নজরুল, তুহিন, সাদ্দামসহ ১০-১২ জন প্রতি গাড়ি মাটি বিক্রি করেন ১৬ শত টাকা। এ নিয়ে গত ৮-১০ দিন আগে প্রতিপক্ষের লোকজনের সাথে তার বিরোধ চলে আসছে।
নিহতের স্ত্রী ফাতিমা বেগম হীরা অভিযোগ করেন, সোমবার দুপুরের দিকে মাটির দাম নিয়ে দ্বন্দ্বের জের ধরে জাকিরকে তুলে নিয়ে যায় উপজেলার কোটবাড়িয়া এলাকায়। সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে সেখান থেকে পাঁচজন ব্যক্তি সিএনজি চালিত অটোরিকশা যোগে লাশ পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার পলবান পোল এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে খাল পাড়ে সিএনজি থেকে লাশ ফেলে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ২জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ মঙ্গলবার বিকেল ৪টার দিকে নোয়াখালী-লক্ষীপুর সড়কের বাংলাবাজার এলাকা থেকে উদ্ধার করে জাকিরকে বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাকিরকে পেলে পালানোর সময় স্থানীয়রা দুজনকে আটক করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালে ভর্তি করে। লাশ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, জাকির একজন চিহ্নিত সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় খুন, ডাকাতি, অস্ত্র, নারী শিশু নির্যাতনসহ ১১টি মামলা রয়েছে। এছাড়া বেগমগঞ্জ থানায় ডাকাতি, ছিনতাইসহ কয়েকটি মামলা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

