হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরলেন প্রবাসী, আনন্দে মাতোয়ারা এলাকাবাসী

হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরলেন প্রবাসী, আনন্দে মাতোয়ারা এলাকাবাসী

কুমিল্লা সদর উপেজেলায় হেলিকপ্টারে চড়ে পরিবারের সদস্যদের নিয়ে নিজ গ্রামে ফিরছেন মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান মাসুম। প্রিয় মানুষের এমন ব্যতিক্রমী আগমনকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মুখর কমলাপুর গ্রাম।

বিজ্ঞাপন

দূর আকাশ থেকে হেলিকপ্টারের শব্দ ভেসে আসতেই গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে কৌতূহল ও উচ্ছ্বাস। প্রিয় মানুষটিকে একনজর দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীসহ নানা বয়সী মানুষ। কারও চোখে বিস্ময়, কারও মুখে হাসি, আবার কারও মনে দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পাওয়ার আনন্দ।

মনিরুজ্জামান মাসুম কুমিল্লা সদর উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা। তিনি মালয়েশিয়ায় ব্যবসা পরিচালনার পাশাপাশি ‘মাসুম গোল্ডেন রোজ’ ও ‘মারুফ গোল্ডেন রোজ’ নামের দুটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসে ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকলেও নাড়ির টান তাকে বারবার ফিরিয়ে আনে জন্মভূমির কাছে।

জানা যায়, মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করেন মনিরুজ্জামান মাসুম। আমেরিকা থেকে আসা তার খালামনি ও খালাতো বোনের অপেক্ষায় ছিলেন তিনি। পরে তাদের সঙ্গে নিয়েই হেলিকপ্টারে চড়ে রওনা হন প্রিয় জন্মভূমি কমলাপুরের উদ্দেশে।

গ্রামে হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়তেই সেখানে মানুষের ঢল নামে। জীবনে প্রথমবারের মতো গ্রামের কোনো প্রবাসীকে হেলিকপ্টারে করে বাড়ি ফিরতে দেখে স্থানীয়দের মধ্যে দেখা দেয় ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাস। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ছুটে আসেন এই ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হতে। অনেকের কাছে এটি ছিল জীবনের এক নতুন অভিজ্ঞতা, আবার অনেকের কাছে আনন্দের এক অবিস্মরণীয় মুহূর্ত।

এদিকে মনিরুজ্জামান মাসুমের এমন আগমনে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত তার পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর প্রিয়জনদের একসঙ্গে কাছে পাওয়া, পরিবারের সদস্যদের নিয়ে একই আকাশযাত্রায় জন্মভূমিতে ফেরা—সব মিলিয়ে তাদের আনন্দ ছিল বাঁধভাঙা।

ছোট বোন তানিয়া আক্তার বলেন, ভাইয়ের এমন ব্যতিক্রমী আগমনে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বাড়ি ফেরার এই মুহূর্ত তাদের কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে।

স্থানীয়দের মতে, প্রবাসে থেকেও জন্মভূমি ও আপনজনদের প্রতি ভালোবাসার যে টান, মনিরুজ্জামান মাসুমের এই আগমন যেন তারই এক অনন্য বহিঃপ্রকাশ। গ্রামের মানুষের কাছে এমন দৃশ্য ছিল একেবারেই নতুন। তাই তার আগমনকে কেন্দ্র করে ছোট-বড় সবার মধ্যে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন