ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদসমূহের নির্বাচনে অংশ গ্রহণ করছে আপন ভাই-বোন।
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর গ্রামের দু’কৃতিসন্তান মো: কামরুল হাসানের ছেলে জাবের আল হাসান পার্থ, পড়াশোনা করছে সমুদ্র বিজ্ঞান বিভাগে ২২-২৩ সেশন ও শ্রাবন্তী হাসান বন্যা, বাংলা বিভাগে একই সেশনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকসু-২০২৫ এ ছাত্রদলের মনোনীত প্যানেল থেকে নির্বাচন করছে।
ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলে রোকেয়া হলে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রাবন্তী হাসান বন্যা এবং ফজলুল হক মুসলিম হলে আভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাবের আর হাসান পার্থ। পার্থ আর বন্যা আপন ভাই-বোন। সোনার বাংলা কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী।
দু’ভাই বোন একসাথে ডাকসু নির্বাচনে অংশ গ্রহণ করায় কুমিল্লায় চলছে আলোচনা। কুমিল্লার মানুষের প্রত্যাশা তারা ভালো একটা ফলাফল করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদসমূহের নির্বাচন ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এটি হবে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের ছাত্ররাজনীতিতে প্রথম বৃহৎ নির্বাচনী আয়োজন।
তাদের বাবা কামরুল হাসান বলেন, ‘আমি একজন শিক্ষক ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মানুষ হিসেবে গর্ববোধ করি যে আমার ছেলে-মেয়ে দু’জনেই ছাত্রদলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে। আমি বিশ্বাস করি, তারা ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ও কল্যাণে কাজ করবে এবং দেশপ্রেম, সততা ও ত্যাগের পথেই এগিয়ে যাবে। সকলে আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন যেন ওরা সফলকাম হয়।’
জাবের আল হাসান পার্থ ফজলুল হক মুসলিম হল ছাত্রসংসদে ছাত্রদলের মনোনীত প্যানেল থেকে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী।
তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়ের লড়াই। আমরা বিশ্বাস করি, ছাত্রদলই দেশের গণতন্ত্র ও ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার একমাত্র ভরসা। ছাত্রদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। সহপাঠীদের সহযোগিতা ও দোয়া নিয়ে জয়ী হয়ে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই।’
শ্রাবন্তী হাসান বন্যা রোকেয়া হল ছাত্রসংসদে ছাত্রদলের মনোনীত প্যানেল থেকে এজিএস পদপ্রার্থী।
তিনি বলেন, ‘ডাকসু হচ্ছে ছাত্রসমাজের গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আমি ছাত্রদল থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি। ছাত্রদল সর্বদা মুক্তচিন্তা, গণতন্ত্র ও শিক্ষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমি চাই, সেই ধারাবাহিকতায় নারীদের অংশগ্রহণকে আরও শক্তিশালী করতে।’
সুশাসনের জন্য নাগরিক বুড়িচং উপজেলার সভাপতি সাংবাদিক মুসলেহ উদ্দিন বলেন, তারা দুজনই বুড়িচং উপজেলা আমার প্রিয় কামরুল হাসানের সন্তান। তাদের জন্য অনেক দোয়া ও ভোট প্রার্থী । তারা ডাকসু নির্বাচনে চমক দেখাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

