ফেসবুক পেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতৃবৃন্দকে রাজনৈতিক কর্তৃপক্ষ হিসেবে প্রচার করা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুরের হাইমচর উপজেলা শাখার সহ-তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক হাফিজ মাতাব্বরকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হযরত আলী ঢালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অব্যাহতির নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, হাফিজ মাতাব্বর দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তার ভেরিফায়েড ফেসবুক পেজ ‘Hafijur Rahman’ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে রাজনৈতিক কর্তৃপক্ষ হিসেবে প্রচার করে আসছেন। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং এলাকায় দলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণার কারণে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ ছাড়া, তিনি দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক কার্যক্রমেও নিষ্ক্রিয় ও অনুপস্থিত ছিলেন।
তার এ কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী হিসেবে বিবেচিত হওয়ায় নির্দেশক্রমে তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
এ অব্যাহতির অনুলিপি অবগতির জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মো. মোস্তাক মিয়া এবং চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের কাছে প্রেরণ করা হয়েছে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

