মোটরসাইকেলের পেছনে ডাম্পারের ধাক্কা, প্রাণ গেলো দুই বন্ধুর

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

মোটরসাইকেলের পেছনে ডাম্পারের ধাক্কা, প্রাণ গেলো দুই বন্ধুর

কক্সবাজার শহর থেকে অনতিদূরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বাজার এলাকায় মোটরসাইকেলের পেছনে ডাম্পারের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার মোক্তারকুল এলাকার নুরুল হকের ছেলে রিসান (১৯) ও খরুলিয়া দরগাহ পাড়া এলাকার সৈকত আলীর ছেলে আরাফাত (২১)। এছাড়াও গুরুতর আহত সানিকে (১৮) জেলা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি বাংলাবাজার মোক্তারকুল এলাকার মনিরুল আলমের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঝিলংজা ইউনিয়ন এলাকার খরুলিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি রেজিস্ট্রেশনবিহীন ডাম্পার ট্রাক ওই তিন যুবকের মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অন্যজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহত রিসানের নিকটাত্মীয় মুন্না চৌধুরী জানান, অচেনা ডাম্পার ট্রাকটি মোটরসাইকেলটিকে পিষ্ট করে পালিয়ে গেছে। ডাম্পারটি চিহ্নিত করার চেষ্টা চলছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুরো বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।

রামু ক্রসিং হাইওয়ে থানার দ্বিতীয় কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সম্ভবত মোটর সাইকেলটি দ্রুত গতিতে ছিল। জেলা সদর হাসপাতাল থেকে জানানো হয়েছে- মোটর সাইকেল আরোহী গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেয়া হয়েছিল। ওদের মধ্যে দুইজন মারা গেছেন। তবে দুর্ঘটনায় জড়িত ডাম্পারটি ট্রাকটি পালিয়ে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন