রোহিঙ্গা ক্যাম্পে প্রতি পরিবার পাবে ১ কেজি করে মাংস

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

রোহিঙ্গা ক্যাম্পে প্রতি পরিবার পাবে ১ কেজি করে মাংস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত ১ লাখ ৯৪ হাজার ৭৭৯টি পরিবারকে ১ কেজি করে মাংস বিতরণ করা হবে। বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় উন্নয়ন সংস্থার উদ্যোগে গরু, মহিষ, ছাগল ও ভেড়া কোরবানির মাধ্যমে এ মাংস বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

জানা গেছে, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ২২টি রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি ভাসানচরেও এই মাংস বিতরণ করা হবে। সংশ্লিষ্ট ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি) কার্যালয়ের তত্ত্বাবধানে প্রতিটি পরিবারের কাছে মাংস পৌঁছে দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরআরআরসি সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মাংস বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট সংস্থা ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চলতি বছর বাজেট সংকটের কারণে প্রতিটি পরিবারকে ১ কেজি করে মাংস বিতরণ করা হবে। অথচ শুরুতে প্রতি পরিবারকে ৫ থেকে ৬ কেজি পর্যন্ত মাংস দেওয়া হয়েছিল। বৈশ্বিক তহবিল সংকটের কারণে এবার বরাদ্দ উল্লেখযোগ্য-ভাবে কমে এসেছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পের প্রতিটি পরিবারের জন্য মাংস বিতরণের ব্যবস্থা করা হয়েছে। যাতে কোনো পরিবার বঞ্চিত না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সহায়তায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সিআইসি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সুশৃঙ্খলভাবে মাংস বিতরণ করা হবে, যাতে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।

৮ এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পে মাংস বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে এপিবিএন সদস্যরা সংশ্লিষ্ট প্রশাসন ও সিআইসি কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন