আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে উপজেলা সহকারী কমিশনারের ইফতার

জেলা প্রতিনিধি, কুমিল্লা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে উপজেলা সহকারী কমিশনারের ইফতার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকে নিয়ে ইফতার করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। শনিবার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে আয়োজিত ইফতার মাহফিলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের পাশে বসেই ইফতার করছেন উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক রেজাউল করিম, জুলাই হত্যা মামলার আসামি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক চেয়ারম্যান, ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তার হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসাধারণ সম্পাদক শরিফ খান আকাশ, এ বিল্লাল হোসেন। এছাড়া রয়েছেন জাতীয় পার্টি থেকে নির্বাচন করা এমপি পদপ্রার্থী জাহাঙ্গীর আলম, যিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেনের আপন ভাই।

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন বলেন, ‘শরিফ খান আকাশ নিষিদ্ধ ছাত্রলীগ করলেও সে সাংবাদিকতা করে। আমরা সবাইকে দাওয়াত করেছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাহ্মণপাড়া উপজেলার কয়েকজন জানান, একজন সরকারি কর্মকর্তা হয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের নিয়ে ইফতার করা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি। উনি একজন সরকারি কর্মকর্তা হয়ে এসব কাজ করতে পারেন না। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

সরকারি কর্মকর্তা নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের নিয়ে ইফতার করছেন— এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল আহমেদ আকন্দ আমার দেশকে বলেন, এটা মেনে নেওয়া যায় না। আমরা দাওয়াত পাই না। একজন সরকারি কর্মকর্তা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে কীভাবে বসেন, এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেখা উচিত।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এবং জুলাই হত্যা মামলার আসামিদের নিয়ে ইফতারে অংশগ্রহণ করেছেন— এ বিষয়ে জানতে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম আমার দেশকে বলেন, এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের সাথে কথা বলব । এই অনুষ্ঠানে যারা আওয়ামী লীগের নেতাদের দাওয়াত করেছেন, তাদের দায় আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...