লামায় চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

লামায় চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই

বান্দরবান জেলার লামা উপজেলায় যাত্রীবেশে উঠে চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) রাত ৮টার দিকে উপজেলার গজালিয়া-বানিয়ারছড়া সড়কের বদর টিলা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন মোটরসাইকেল চালক আহত হয়েছেন। আহত সিএনজি চালক নুর আলম (৩০) লামা পৌরসভা এলাকার টিটিঅ্যান্ডডিসি পাড়ার ছোট মিয়ার ছেলে।​

বিজ্ঞাপন

সূত্র জানায়, গজালিয়া সিএনজি স্টেশন থেকে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত যাত্রী সেজে নুর আলমের সিএনজি গাড়িতে ওঠে। গাড়িটি সড়কের বদর টিলা এলাকার নির্জন স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা চালক নুর আলমের ওপর হামলা চালায়।​ একপর্যায়ে চালক নুর আলমকে মারধর ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে সিএনজিটি নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।​

পরবর্তীতে ওই সড়কে চলাচলকারী মোটরসাইকেল চালকরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, নুর আলমের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকের পাশাপাশি ছিনতাইকৃত সিএনজিটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...