কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙ্গে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম ফজর আলী। তিনি উপজেলার বাহেরচর পাচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী দাবি করেছেন। এ ঘটনায় তিনি ধর্ষণের শিকার নারী বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগে ভুক্তভোগী নারী বলেন, কয়েক দিন আগে বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে পাশের বাড়িতে পূজা চলছিল। এ জন্য পরিবারের সবাই সেখানে যান। বিষয়টি টের পেয়ে বিএনপির ফজর বাড়িতে এসে বাইরে দাঁড়িয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে লাথি দিয়ে তিনি সেটি ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ধর্ষণ করেন। তার হাত থেকে বাঁচতে চিৎকার করলেও তাৎক্ষণিক কেউ এগিয়ে আসেনি।
ভুক্তভোগীর চাচি শ্বরসতী বর্মন বলেন, ‘পাশের বাড়িতে আমাদের হিন্দু সম্প্রদায়ের পূজো চলছিল । আমি ঘর থেকে সেখানে যাওয়ার সময় পাশের বাড়ি থেকে চিৎকারের শব্দ আসছিল। আমি ভয়ে সেখান থেকে দৌড়ে গিয়ে পূজার অনুষ্ঠান থেকে লোকজন ডেকে আনি। লোকজন উপস্থিত হয়ে দরজা খুলতে গিয়ে দেখে দরজা ভাঙ্গা। পরে সবার সহযোগিতায় আমরা ভুক্তভোগীকে উদ্ধার করি।’
মো. সজীবসহ স্থানীয় বেশ কয়েকজন জানান, ফজর আলী ৫ আগস্টের আগে রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া খোকনের বিশ্বস্ত ব্যক্তি হিসেবে কাজ করতো। তার আওয়ামী লীগের মিছিলে থাকা কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর দলীয় রূপ পরিবর্তনের পাঁয়তারা শুরু করে ফজর আলী। স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতাদের সাথে শুরু হয় ওঠাবসা। দলীয় কোন পদ-পদবি না থাকলেও বিএনপির নেতাদের সাথে চলাফেরা শুরু করেছিল সে।
ভুক্তভোগীর চাচা নকুল বর্মন বলেন, ‘ঘরের দরজা ভেঙে পরিবারের নারী সদস্যকে ধর্ষণের পর থেকে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আজকে আমার ভাতিজির ঘরের দরজা ভেঙে তাকে ধর্ষণ করেছে, কালকে পরিবারের আরেক সদস্যকে ধর্ষণ করতে পারে। আমরা এর সঠিক বিচার চাই। আমাদের নিরাপত্তা চাই।’
মামলা হওয়ার পরই গা ঢাকা দেন অভিযুক্ত ফজর, বন্ধ আছে তার মোবাইল ফোন নম্বরটিও।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিব মোল্লা আমার দেশ-কে বলেন, ‘ফজর আলী দলীয় কোনো পদে নেই।’
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান আমার দেশ-কে বলেন, ‘ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ফজর আলীর নামে থানায় মামলা করেছেন। আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাকে আটক করতে পারবো।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

