চট্টগ্রামে বিরোধ মীমাংসার নামে ডেকে নিয়ে কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৬

চট্টগ্রামে বিরোধ মীমাংসার নামে ডেকে নিয়ে কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৬
কিশোর মোহাম্মদ হৃদয়

চট্টগ্রাম নগরের ওয়্যারলেস কলোনিতে বিরোধ মীমাংসার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে মোহাম্মদ হৃদয় (১৬) নামে এক কিশোর সবজি বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরের খুলশী থানার পাহাড়তলী ওয়ার্ডের ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে। মৃত হৃদয় ওয়্যারলেস কলোনি এলাকায় সড়কের পাশে সবজি বিক্রি করত।

বিজ্ঞাপন

খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম জানান, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত ও চিহ্নিত কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন বগা ওরফে বিহারি বগার কার্যালয়ে হৃদয়কে ডেকে নেওয়া হয়েছিল। সেখান থেকে বের হওয়ার পরপরই তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় ইতোমধ্যেই ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে হৃদয় বাসায় ফিরে ভাত খেতে বসেছিল। এ সময় কামরুল নামের এক যুবক তাকে ডেকে বাইরে নিয়ে যান। এর প্রায় আধা ঘণ্টা পর হৃদয়ের দৃষ্টিপ্রতিবন্ধী বাবা দোকানে থাকা অবস্থায় জানতে পারেন, তার ছেলেকে তালতলা এলাকায় কে বা কারা ছুরিকাঘাত করেছে। পরে স্বজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, হৃদয়ের বাবা প্রায় অন্ধ হওয়ায় বাবার দোকানেই সে সবজি বিক্রি করত এবং তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না।

পুলিশ জানায়, ওয়্যারলেস কলোনি এলাকার বাসিন্দা ৪২ বছর বয়সী ওয়াকিল হোসেন বগা ওরফে ‘বিহারি বগা’র বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৯টি মামলা রয়েছে এবং পুলিশের নথিতে তিনি শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় অন্তর্ভুক্ত। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গত ৮ জুন তাঁকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়। তবে পদ হারালেও এলাকায় তার রাজনৈতিক প্রভাব অব্যাহত রয়েছে এবং তিনি আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন