একটি দলছুট হাতি কাদায় পড়ে আটকে যায়। কোনোভাবেই হাতিটি সেখান থেকে উঠতে পারছিল না। পরে খবর পেয়ে স্থানীয় বন বিভাগ গ্রামবাসীর সহায়তায় ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে গতকাল বিকালে হাতিটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
শুক্রবার (৭ মার্চ) সাফারি পার্ক থেকে চিকিৎসক এসে হাতিটির চিকিৎসা দেয়ার কথা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, চুনতি অভয়ারণ্যের আওতাধীন নাপোড়া গহিন অরণ্যের বাইসসার জুম নামক স্থানে একটি দলছুট হাতি কাদায় আটকে পড়ে। দীর্ঘক্ষণ আটকে থাকলেও সেদিকে লোকজনের চলাচল না থাকায় বিষয়টি কারো নজরে পড়েনি। একপর্যায়ে স্থানীয় আবুল কাশেম হাতিটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দেয়। পরে বন বিভাগ স্থানীয় ৩৫ গ্রামবাসীর সহযোগিতায় দীর্ঘ ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে হাতিটি উদ্ধার করে।
বন বিভাগের জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ সময় কাদায় আটকে থাকায় হাতিটি অসুস্থ হয়ে পড়েছে। তাকে স্যালাইনযুক্ত পানি খাইয়েছি, চিকিৎসার জন্য সাফারী পার্কের বিশেষজ্ঞ ডাক্তারকে খবর দেওয়া হয়েছে। শুক্রবার তারা এসে চিকিৎসা দেয়ার কথা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

