কুমিল্লায় বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী চাপাপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, পাইপগান, গুলি ও ককটেলসহ মো. আবু ওবায়েদ ওরফে শিমুল নামে এক যুবককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ জুন) ভোরে বাড়িতে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শিমুল চাপাপুর কার্তিকপুর গ্রামের আব্দুল ওহায়াব মিয়ার ছেলে।

যৌথ বাহিনী জানায়, শিমুল কুমিল্লার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি রেজাউলের ঘনিষ্ঠ সহযোগী। অবৈধ অস্ত্র মজুতের খবরের ভিত্তিতে সোমবার ভোরে চাপাপুরে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, দুটি পাইপগান, তিনটি ককটেল, ৬ রাউন্ড শটগানের গুলি, এক রাউন্ড ৭.৬৫ মিমি গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর তথ্য অনুযায়ী শিমুল কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী রেজাউলের ডান হাত হিসেবে কাজ করে। এক সময় এই রেজাউল কুমিল্লার সাবেক এমপি বাহারের জন্য অস্ত্র আনার দায়িত্বে ছিল। বর্তমানে সে নিজেকে এবং শিমুলকে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর লোক হিসেবে পরিচয় দেয়। তারা অস্ত্র দিয়ে রাজনৈতিক সহিংসতা এবং চাঁদাবাজিতে জড়িত।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন