কুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে ৪ ও ৫ বছর বয়সি দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। একই পরিবারের দুই শিশুর এমন অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই শিশু হলোÑবরইয়া গ্রামের বাহরাইন প্রবাসী মো. সোহেলের ছোট ছেলে আবদুর রহমান (৪) এবং তার ভাই বাহরাইন প্রবাসী জুয়েলের একমাত্র ছেলে মো. জোবায়ের (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দুই শিশু বাড়ির পাশে একসঙ্গে খেলাধুলা করছিল। খেলার কোনো এক সময়ে তারা বাড়ির পশ্চিম পাশের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের পানিতে ভাসতে দেখে ঘরের নারীরা চিৎকার শুরু করেন। স্বজন ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বাগমারা বাজারের এক চিকিৎসকের চেম্বারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ। একই পরিবারের দুই কোমলমতি সন্তানকে হারিয়ে বাক্রুদ্ধ পরিবার ও প্রতিবেশীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই থানার ওসি মিজানুর রহমান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদ তারা পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

