ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদলের দুই কর্মী নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) ও শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)। এ সময় দুর্ঘটনায় নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত রিমনসহ তিনজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নিহতদের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। হতাহতদের হাসপাতালে নিয়ে আসা একাধিক যুবক পুলিশকে জানান, নারুই ব্রিজের পূর্ব পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।
নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুজনই ছাত্রদলের একনিষ্ঠ কর্মী এবং আহত ইয়াছিন আরাফাত রিমন নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনার কবলে পড়া দুজনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লাশ দুটি জেলা মর্গে রয়েছে। দুর্ঘটনাটি সদর থানা এলাকায় ঘটেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

