লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী হত্যা মামলার প্রধান আসামি রিকশাচালক আরমান হোসেন ওরফে রহমান (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (নোয়াখালী অঞ্চল) মিঠুন কুমার কুণ্ডু।
র্যাব জানায়, গতকাল রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় সোমবার দুপুরে রায়পুর থানার সামনে ঘাতকের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয়রা । মানববন্ধনে কেরোয়া ইউনিয়নের বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, গত ৫ মার্চ রায়পুর সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীতে একটি ফলের আড়তে তরমুজ কিনতে যান কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেন মিশরী (৪৫)। এ সময় দুই রিকশাচালকের মধ্যে মারামারি থামাতে গিয়ে তিনি হামলার শিকার হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কবির মহুরী নামে আরও একজন আহত হন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, “যুবদল নেতা হত্যার আসামি রিকশাচালক আরমানকে র্যাব থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

