সীতাকুণ্ডে এক ঘণ্টায় তিন দুর্ঘটনা, নিহত ৩

সীতাকুণ্ডে এক ঘণ্টায় তিন দুর্ঘটনা, নিহত ৩
ছবি: আমার দেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ঘণ্টার ব্যবধানে সড়ক ও রেলপথে পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক যাত্রীর মৃত্যু হয়েছে। মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে এক তরুণ। অন্যদিকে, রেললাইন পার হওয়ার সময় উদয়ন এক্সপ্রেস ট্রেনের আঘাতে নিহত হয়েছেন এক বৃদ্ধ।

রোববার সকালে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছোট কুমিরা ইলিয়াছ সিএনজি ও ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে জোনাকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার পরপরই বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে স্থানীয় লোকজন ও কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা এগিয়ে আসেন।

এ দুর্ঘটনায় গুরুতর আহত বাসযাত্রী প্রকাশ বসুকে (৩৭) উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার ফনিন্দ্র লাল বসুর ছেলে।

বাস দুর্ঘটনায় আহত হন রওশন আক্তার (৩৮), মো. মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) ও আরিফ মো. ইউসুফ (৫১) চমেক হাসপাতালে চিকিৎসা রয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিল্টন মণ্ডল আমার দেশকে বলেন, ছোট কুমিরা ইলিয়াছ পেট্রোল পাম্পের বিপরীতে ঢাকামুখী লেনে জোনাকী পরিবহনের বাসটি উল্টে গেলে ৬ থেকে ৭ জন আহত হন। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে প্রকাশ বসু নামে এক যাত্রীর মৃত্যু হয়।

এদিকে, বাস দুর্ঘটনার কিছুক্ষণ পর সকাল ৮টার দিকে উপজেলার বড় কুমিরা রয়েল সিমেন্ট কারখানার বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় মো. ইমন (২০) নামে এক তরুণ নিহত হন।

গুরুতর আহত অবস্থায় ইমনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা গ্রামের মো. আব্দুস সালামের ছেলে। জীবিকার তাগিদে তিনি সীতাকুণ্ডে এসে ফার্নিচারের কাজ করতেন।

অন্যদিকে, সকাল ৭টা ১৫ মিনিটের দিকে সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় উদয়ন এক্সপ্রেস ট্রেনের আঘাতে নিজাম উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি সন্দ্বীপ উপজেলার মগধরা এলাকার মীরবাড়ির আব্দুল আহমেদের ছেলে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দীপক দেওয়ান আমার দেশকে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় আসার সময় নিজাম উদ্দিন রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একই সকালে সীতাকুণ্ডে পরপর তিনটি দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতি, অসতর্ক যান চলাচল এবং পথচারীদের নিরাপত্তার ঘাটতি দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন