চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় কয়েকজন স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ক্ষুব্ধ শিক্ষার্থী, স্বজন ও স্থানীয়রা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করলে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে দেশের অন্যতম ব্যস্ত এই সড়কে যান চলাচল বন্ধ থাকে। অবরোধ চলাকালী ঢাকামুখী লাইনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে স্কুল ছুটির পর বাঁশবাড়িয়া এলাকায় রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় একটি ছোট পিকআপ ভ্যান কয়েকজন শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এতে কয়েকজন স্কুলছাত্রী আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত তিন শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে আহত শিক্ষার্থীদের আত্মীয়-স্বজন, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-মুখী লেইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা সড়কের ওপর বাঁশ ও কাঠ ফেলে আগুন ধরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ চলাকালী ঢাকামুখী লাইনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ শিল্পাঞ্চলগামী বিভিন্ন যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, শ্রমিক ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের যাত্রীরাও।
স্থানীয়দের অভিযোগ, বাঁশবাড়িয়া এলাকায় দীর্ঘদিন ধরে মহাসড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে বাঁশ ও কাঠের দোকান। এতে পথচারীদের চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করতে হয়। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ তাদের।
বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল হক আমার দেশকে বলেন, পিকআপের ধাক্কায় তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এরপর তাদের স্বজন ও স্থানীয়রা বাঁশ-কাঠ ফেলে মহাসড়ক অবরোধ করে আগুন ধরিয়ে দেয়। আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। সাড়ে ছয়টার পর যান চলাচল স্বাভাবিক হয়। পিকআপটি আটক করা হয়েছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ, সীতাকুণ্ড থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

