দীর্ঘদিন ধরে অবহেলিত উখিয়া–টেকনাফ জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি বলেন, এই এলাকার মাদক, অপহরণ, রোহিঙ্গা সংকট ও উন্নয়ন বঞ্চনার স্থায়ী সমাধান একমাত্র ধানের শীষের মাধ্যমেই সম্ভব।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়া খেলার মাঠে অনুষ্ঠিত ধানের শীষের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, আমরা ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারকে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ নিশ্চিত করা হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করে সার, বীজ ও কৃষি উপকরণ সহজলভ্য করা হবে এবং স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সমস্যা উখিয়া–টেকনাফের মানুষের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিএনপি সরকার গঠন করলে আন্তর্জাতিক মহলের সঙ্গে কার্যকর কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করা হবে এবং স্থানীয় জনগণের নিরাপত্তা ও জীবন-জীবিকা রক্ষা করা হবে।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, উখিয়া–টেকনাফকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, কর্মসংস্থান ও সামাজিক আন্দোলন জোরদার করা হবে।
উন্নয়ন প্রসঙ্গে শাহজাহান চৌধুরী বলেন, ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে এই এলাকায় উন্নয়নের জোয়ার বইবে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও কর্মসংস্থানের মাধ্যমে উখিয়া–টেকনাফকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করা হবে।
তিনি শেষ বক্তব্যে বলেন, আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে রায় দিন। উখিয়া–টেকনাফের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির হাতকে শক্তিশালী করুন।
উক্ত শেষ জনসভায় উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল রহমান সিকদার, উপজেলা কৃষকদের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী, ব্যারিস্টার সাফফাত ফারদিন রামিম চৌধুরী, স্বেচ্ছাসেবকদল নেতা জিয়াউল হক রানা ও মোহাম্মদ রফিক উদ্দিন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা৷
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

