কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার এক এজাহারভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিও রয়েছেন।
দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি মোহাম্মদ আব্দুল বারীর দিকনির্দেশনায় বৃহস্পতিবার দিবাগত রাতজুড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই নাজমুল সাকিব, এসআই কমল কৃষ্ণ, এএসআই দেলোয়ার ও এএসআই রিপন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। অভিযানের সময় ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি বাবুল (২২)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পাঁচগাছিয়া প্রধান বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে।
এছাড়া পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. আনিছ (৩২)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পশ্চিম হুগুলিয়া এলাকার হারুন অর রশিদের ছেলে।
একই অভিযানে আরও গ্রেপ্তার হন পরোয়ানাভুক্ত আসামি জিয়া আলা উদ্দিন মোল্লা (৪৫)। তিনি উপজেলার হরিপুর উত্তর মোল্লা বাড়ি এলাকার মৃত মনিরুল হকের ছেলে।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, “গ্রেপ্তারকৃত ব্যক্তিদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

