চট্টগ্রামে চলন্ত গাড়িতে গুলি, অল্পের জন্য বাঁচলেন ব্যবসায়ী

চট্টগ্রামে চলন্ত গাড়িতে গুলি, অল্পের জন্য বাঁচলেন ব্যবসায়ী

চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এস এম শহীদুল্লাহ রনি (৪৬) নামে এক ব্যবসায়ী।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী উপজেলার ইছাপুর চারা বটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরী থেকে নিজেই গাড়ি চালিয়ে রাউজানের বাড়ির উদ্দেশে রওনা হন শহীদুল্লাহ রনি। রাত সাড়ে ১১টার দিকে ইছাপুর চারাবটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়ির সামনে ইট ছুড়ে গতিরোধের চেষ্টা করে। পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি গাড়ির লাইট বন্ধ করে থামিয়ে দেন।

ঠিক তখনই মোটরসাইকেলে করে আসা দুই অস্ত্রধারী তার গাড়ির পেছনের অংশ লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শহীদুল্লাহ রনি বলেন, গুলিগুলো গাড়ির এক পাশ ভেদ করে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। তিনি চালকের আসনে নিচু হয়ে থাকায় প্রাণে বেঁচে যান। সাধারণত চালক গাড়ি চালালেও সেদিন তিনি নিজেই স্টিয়ারিংয়ে ছিলেন। হামলাকারীরা সম্ভবত ধারণা করেছিল, তিনি পেছনের আসনে বসে আছেন। এ কারণে পেছনের সিট লক্ষ্য করে গুলি চালানো হয় বলে তার ধারণা।

খবর পেয়ে হাটহাজারী সার্কেলের সহকারী (অতিরিক্ত) পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ এবং হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

কাজী মো. তারেক আজিজ বলেন, চট্টগ্রাম নগরী থেকে রাউজানে যাওয়ার পথে চারাবটতলা এলাকায় প্রথমে ওই ব্যক্তির গাড়িতে ইট নিক্ষেপ করে গতিরোধের চেষ্টা করা হয়। পরে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ভুক্তভোগীর সঙ্গে রাউজান এলাকার বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর দ্বন্দ্ব রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেই বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি পূর্বপরিকল্পিত হামলা কি না, কারা এতে জড়িত এবং হামলার উদ্দেশ্য কী ছিল—এসব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন