শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ডকুমেন্টারি প্রদর্শিত হলো চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ডকুমেন্টারি প্রদর্শিত হলো চট্টগ্রামে

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর-এ সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত সমাবেশ ও পরবর্তী পরিস্থিতির বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

‘শাপলা স্মৃতি সংসদ’ নামের একটি সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর জিইসি মোড় এলাকায় উন্মুক্ত স্থানে বড় পর্দায় এই ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন

প্রদর্শনীতে ২০১৩ সালের ঘটনার ধারাবাহিকতা, সমাবেশ এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়। সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকের উপস্থিতিও বাড়তে থাকে। কেউ বসে, কেউ দাঁড়িয়ে মনোযোগ সহকারে পুরো প্রদর্শনী উপভোগ করেন।

আয়োজক সংগঠনের সেক্রেটারি রিদুয়ানুল ওয়াহেদ বলেন, “সেদিনের ঘটনাগুলো আড়াল করে তৎকালীন সরকার ভিন্ন চিত্র তুলে ধরেছিল। নতুন প্রজন্মের সামনে প্রকৃত ইতিহাস উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি দাবি করেন, ওইদিন বহু মানুষ নিহত হলেও তা অস্বীকার করা হয়েছিল এবং কিছু বেসরকারি টেলিভিশনের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছিল।

প্রদর্শনীতে অংশ নেওয়া দর্শক জহির উদ্দীন জানান, উন্মুক্ত পরিবেশে এমন আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষ অনেক অজানা বিষয় জানতে পেরেছে। ব্যস্ত নগরজীবনের মধ্যেও এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে বলে তিনি মনে করেন।

আয়োজকদের মতে, ইতিহাসভিত্তিক এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং নতুন প্রজন্মকে অতীত সম্পর্কে জানাতে তারা নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন