নিউইয়র্কে ভবন ধসে নিহত ৮, আহত ১৯

নিউইয়র্কে ভবন ধসে নিহত ৮, আহত ১৯
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ব্রুকলিনে একটি ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৯ জন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

নিউইয়র্ক নগরীর মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভবন ধসের স্থানে উদ্ধার অভিযান চলছে। এ অবস্থায় নগরবাসীকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মামদানি জানান, আহতদের মধ্যে তিনজন অগ্নিনির্বাপণ কর্মী রয়েছেন। ভবন ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, এত বড় ক্ষতির শোক প্রকাশের ভাষা নেই। নিহত ব্যক্তিদের পরিবার ও স্বজন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

নিউইয়র্কের অগ্নিনির্বাপণ বিভাগ (এফডিএনওয়াই) জানিয়েছে, আহত ১৯ জনের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কাছের হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত পাঁচজন এবং সামান্য আহত আরও ১০ জনকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির সামনের পুরো অংশ ধসে পড়েছে। দুর্ঘটনাস্থলের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরা সেখানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন