হেগসেথের সফরসঙ্গীদের ধমক দিলেন সমাধিসৌধের প্রহরী

হেগসেথের সফরসঙ্গীদের ধমক দিলেন সমাধিসৌধের প্রহরী
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সফরসঙ্গীদের ধমক দিয়েছেন অজ্ঞাতনামা মার্কিন সেনাদের সমাধিসৌধের দায়িত্বে থাকা এক প্রহরী। বুধবার ভার্জিনিয়ার আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে অবস্থিত ‘টম্ব অব দ্য আননোন সোলজার’ পরিদর্শনে যান হেগসেথ ও তার দপ্তরের কর্মকর্তারা। সেখানে দলবদ্ধ ছবি তোলার সময় তাদের হাসাহাসি করতে শোনা যায়। এ সময় দায়িত্বে থাকা এক সেনাসদস্য ঘুরে দাঁড়িয়ে তাদের উচ্চ স্বরে সতর্ক করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

ভিডিওতে ওই প্রহরীকে বলতে শোনা যায়, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও সম্মানজনক পরিবেশ বজায় রাখতে হবে।’ তার ধমকের পর সেখানে উপস্থিত ব্যক্তিরা সতর্ক হন।

যুদ্ধে নিহত অজ্ঞাতনামা মার্কিন সেনাদের স্মরণে নির্মিত এই সমাধিসৌধে প্রথম বিশ্বযুদ্ধসহ পরবর্তী বিভিন্ন যুদ্ধে নিহত পরিচয়হীন সেনাদের সমাহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি স্মৃতিসৌধ। সেনাবাহিনীর থার্ড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরা, যারা ‘ওল্ড গার্ড’ নামে পরিচিত, ২৪ ঘণ্টা এই সমাধিসৌধ পাহারা দেন।

যুক্তরাষ্ট্রের ভেটেরানস ডে বা সাবেক সেনাসদস্যদের সম্মান জানানোর দিনে এ ঘটনা ঘটেছে। এমন এক সময়ে ঘটনাটি সামনে এলো, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের দায়িত্বে থাকা নিয়ে নানা আলোচনা চলছে।

এর আগে মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবের ওপর ভোটাভুটি এড়াতে সক্ষম হন তিনি। রিপাবলিকান আইনপ্রণেতারা একজোট হয়ে ওই উদ্যোগ আটকে দেন।

সমালোচকদের অভিযোগ, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে হেগসেথ বেশ কয়েকটি বেআইনি কর্মকাণ্ডের তদারকি করেছেন। এর মধ্যে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শুরু করার বিষয়টিও রয়েছে।

গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধ অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠে। ওই নির্বাচনে বড় ধরনের ধাক্কা খায় ট্রাম্পের রিপাবলিকান পার্টি। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারায় দলটি।

এ ছাড়া ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত সন্দেহে নৌযান লক্ষ্য করে প্রাণঘাতী হামলার অভিযানেও নেতৃত্ব দিয়েছেন হেগসেথ। তার সমর্থিত এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ধারাবাহিকতা বলে অভিহিত করেছেন আইন বিশেষজ্ঞরা।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর জন্য চালু করা বিধিনিষেধ দুর্বল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া ডানপন্থি সাংস্কৃতিক ও রাজনৈতিক বিতর্কের বিভিন্ন বিষয়েও সক্রিয় ভূমিকা রেখেছেন হেগসেথ। তিনি সশস্ত্র বাহিনী থেকে ট্রান্সজেন্ডার সদস্যদের নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি পুরুষ সেনাসদস্যদের টেস্টোস্টেরন হরমোন পরীক্ষার ব্যবস্থাও চালু করেছেন।

সমাধিসৌধে বুধবারের ঘটনা নিয়ে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে বলেছেন, প্রহরী সঠিকভাবেই তার দায়িত্ব পালন করেছেন। তিনি আরো বলেন, মার্কিন সেনাসদস্যদের প্রতি সম্মান জানানোর বিষয়ে হেগসেথ ও প্রতিরক্ষা দপ্তর সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।

পারনেল বলেন, ‘আমেরিকাকে নিরাপদ রাখতে আমাদের সামরিক বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা যে ত্যাগ স্বীকার করেছেন, প্রতিরক্ষামন্ত্রী এবং পুরো প্রতিরক্ষা দপ্তর সব সময় সেই ত্যাগের প্রতি সম্মান জানিয়েছে এবং ভবিষ্যতেও জানাবে।’

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...