হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকবাহী মেইলগাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডাকবাহী মেইলগাড়ির চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) এবং আবুল কালাম আজাদ (৫৫)। তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। তবে নিহত মজনু মিয়ার স্থায়ী ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত ডাকবাহী গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের ডাক (মেইল) পরিবহনের কাজে নিয়োজিত ছিল।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মুক্তাদির হোসেন জানান, দুর্ঘটনার পর তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলেও সেখানে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

