‘আমি ক্ষমাপ্রার্থী, এলাকার এমপি হিসেবে লজ্জিত’—মনিরুল হক চৌধুরী

‘আমি ক্ষমাপ্রার্থী, এলাকার এমপি হিসেবে লজ্জিত’—মনিরুল হক চৌধুরী

‘আমি ক্ষমাপ্রার্থী, এই এলাকার সংসদ সদস্য হিসেবে আমি লজ্জিত ও অনুতপ্ত। আমাদের জাতির ইতিহাসে ঘটে যাওয়া অন্যতম লজ্জাজনক ও কলঙ্কজনক ঘটনাগুলোর মধ্যে এটি একটি।’— কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষিকা ড. নাহিদা বেগমের ১৩ বছরের সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে এভাবেই তীব্র ক্ষোভ, দুঃখ ও লজ্জা প্রকাশ করেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

বিজ্ঞাপন

গতকাল শনিবার দুপুর দুইটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের সানন্দা এলাকায় যেখানে অপ্রতিমের লাশ পাওয়া যায়, সেই স্থানটি সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে আবেগপ্লুত হয়ে মনিরুল হক চৌধুরী বলেন, আগামী তিন মাসের মধ্যে যেন এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারকাজ সম্পন্ন হয়, সেই ব্যবস্থা নেওয়া হবে। একজন মানুষ হিসেবে এতটুকু ছোট বাচ্চার এমন মর্মান্তিক পরিণতি সহ্য করা অত্যন্ত কঠিন। আমি অপ্রতিমের শোকার্ত মায়ের সামনে গিয়ে কী জবাব দেব? আমরা কি আমাদের নিষ্পাপ মাসুম বাচ্চাদের রক্ষা করতে পারছি না?

ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, সামান্য একটি আইফোনের লোভে একজন মানুষকে এভাবে হত্যা করা হতে পারে, তা ভাবতেও গা শিউরে ওঠে! একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি গভীরভাবে লজ্জিত। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলব—কিশোরদের অপরাধের পথ থেকে ফেরাতে এবং গ্যাং কালচার থেকে রক্ষা করতে দ্রুত কঠোর ব্যবস্থা নিন। আমার মেয়েরা পর্যন্ত বিদেশ থেকে ফোন করে কান্নাকাটি করে বলছে, ‘বাবা, নিজ এলাকায় এটি কী ঘটে গেল!

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন