নোয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

নোয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামের দালাল বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত নুরুল আমিন কালা (৪২) উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সল্যাঘটাইয়া গ্রামের নূর আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে আবুল কালামসহ চার দিনমজুর জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি শুরু হলে ১১টার দিকে তাদের পাশে বিকট শব্দে একটি বজ্রপাত হয়। এ সময় তিন দিনমজুর দৌড়ে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও নুরুল আমিনের হাতে গাছ কাটার করাত থাকায় তিনি নিরাপদে যেতে পারেননি। এসময় বজ্রপাতের শব্দে তার হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে সুধারাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) রহমান মঞ্জুর বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, জেলা শহর মাইজদীতে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদিন থেমে থেমে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি অব্যাহত ছিল।

গত কয়েক দিনের অসহনীয় তাপদাহের পর সকালের বৃষ্টিতে আবহাওয়া অনেকটা শীতল হয়েছে। এতে জনজীবনে স্বস্তি ফিরলেও জমি থেকে পাকা বোরো ধান কাটা, মাড়াই দেয়া ও শুকিয়ে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন