রাজনীতিতে পরিবারতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটিয়ে যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এ সরকার নির্লজ্জভাবে স্বজনপ্রীতি ও আঞ্চলিক বৈষম্যে যাত্রা শুরু করেছে।
রোববার বিকালে হোমনা উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হোমনা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের তিন মাসের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর দেশের কী পরিবর্তন হয়েছে তা মানুষ জানতে চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। স্বাস্থ্য খাতের অবস্থা খারাপ; হাম ও নিউমোনিয়ায় শিশুরা মারা যাচ্ছে। কোনো প্রশ্ন তুললেই বলা হচ্ছে সব দোষ অন্তর্বর্তী সরকারের।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার তাগিদ দিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারো নেই। কোনো মাজার কিংবা মন্দিরে আক্রমণ করা চলবে না। বাংলাদেশে কেউ ‘সংখ্যালঘু’ নয়; যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, তারাই সংখ্যালঘু। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই আমাদের ভাই এবং এ দেশের সমান নাগরিক।
সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানোর সমালোচনা করে তিনি বলেন, সরকার এখন যেখানে-সেখানে ট্যাক্স বসাচ্ছে। বাইক ও অটোরিকশার ওপর ট্যাক্স দেওয়া হচ্ছে। জানি না কোনোদিন আবার মানুষের কথার ওপরও ট্যাক্স বসিয়ে দেওয়া হয়।
এনসিপি হোমনা উপজেলা সমন্বয়কারী রাজু আহমেদ সরকারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

