আ. লীগ হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে এ দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ওদের ষড়যন্ত্র শুধু বিএনপির বিরুদ্ধে নয়, আমাদের প্রিয় মাতৃভূমির বিরুদ্ধেও।
কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় সমবেদনা জানাতে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকার ঘোষণা দেন কায়কোবাদ।
ভুক্তভোগীদের হীনমন্যতায় না ভোগার পরামর্শ দিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘আমি যেমন এ মুরাদনগরের সন্তান আপনারাও এ মাটিরই সন্তান। এখানে আমার যেমন অধিকার আপনাদেরও তেমন অধিকার। ধর্মের ভিত্তিতে কাউকে হেনস্তা করার সুযোগ নেই।’
কায়কোবাদ বলেন, ‘আপনারা আমার ভাই। হিন্দু-মুসলিম ভেদাভেদ বুঝি না, আমি বুঝি আপনারা সবাই আমার ভাই। আমি আপনাদের আপনজন। আপনাদের সঙ্গে বিএনপির বিরোধ তৈরি করার জন্য আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করেছে তা সফল হয়নি, হবেও না ইনশাআল্লাহ। এই মামলাটির তদন্ত চলমান, তাই আমি বেশি কিছু বলব না। সুষ্ঠু বিচার করতে হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

