চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

চাঁদপুরে লাইনের গ্যাস পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে ৪ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। রোববার (৯ মার্চ) ভোর রাত ৪টায় শহরের কোড়ালিয়া এলাকায় রুস্তম ব্যাপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দগ্ধদের মধ্যে আব্দুর রহমান (৫০), শানু বেগম (৪০), খাদিজা আক্তার (৩০) ও মঈনের (১৬) অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। আহত ইমাম হোসেন (৩৫) ও দিবা আক্তার চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোররাতে সাহরির জন্য খাবার গরম করতে রান্নাঘরে যান খাদিজা বেগম। এ সময় গ্যাসের চুলায় আগুন দেয়ামাত্রই বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাসের লাইনে লিকেজ থাকায় রান্নাঘরে গ্যাসে জমে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, ওই বাসায় রাতে মোট ১১ জন ছিলেন। এর মধ্যে ৬ জন দগ্ধ হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের শরীর, হাত-পা, মুখমণ্ডল দগ্ধ হয়েছে।

চাঁদপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে। দুইজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন