ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ৭১ ও ২৪-এর পরাজিত শক্তি মাঝেমাঝে একই সুরে কথা বলছে। প্রায় সময় সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। ৭১-এর পরাজিত শক্তির মিছিলে, মিটিংয়ে ২৪-এর পরাজিত দলের পদধারীদের দেখতে পাচ্ছি। আমাদের প্রশ্ন আবারও স্বাধীনতার বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে এই দুই পরাজিত শক্তি এক হচ্ছে কিনা। তবে হয়ে থাকলে ১৭ বছরের গুম, হত্যা, খুনের সাথে রক্তের বেঈমানি। তাদের কখনও জনগণ কখনও ক্ষমা করবে না।
শুক্রবার বিকেলে দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে নগরীর টাইগারপাস এলাকায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন ধরনের নৈরাজ্য ও ঘটনা ঘটানো হচ্ছে দেশে। বিরোধী দলের নৈরাজ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পদধারীদের দেখা যাচ্ছে। নিজের ইচ্ছায় দেশ ছেড়ে পালানো একজন বলছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন, আরেক পক্ষ বলছে তারা ডিসেম্বরে সরকার পতন ঘটাবে। তারা জাতীয়তাবাদের বিরুদ্ধে ও জুলাই শহীদদের সাথে বেঈমানি করতে এক হয়েছে কিনা তা আমাদের বড় প্রশ্ন।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে রাখ তোর ফ্যামিলি কার্ডও বলা হয়েছে। এখন সেই ফ্যামিলি কার্ডের তদবিরে মন্ত্রণালয়ে বা অফিসে বসা যায় না। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, সংসদে বসে এক কথা বলছেন তারা, বাইরে এসে আরেক কথা বলছেন। কচি-কাচাদের কিছু বলছি না। তারা ছোট। কিন্তু ৭১ ও ৯৬ সালে যারা দেশের স্বাধীনতাকে হুমকিতে ফেলেছি তাদের সাবধান করে দিতে চাই।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ, সহ-সভাপতি সাহেদ আকবরসহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের মহানগর নেতৃবৃন্দ। দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকেই নগরীর ৪১টি ওয়ার্ড থেকে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল নিয়ে টাইগারপাসের দিকে আসতে থাকেন নেতাকর্মীরা। মহানগর যুবদলের সংগঠক সাইফুল ইসলাম সাইফ, যুবদলের মহানগর সহ-সভাপতি সাহেদ আকবর, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জমির উদ্দিন নাহিদসহ নেতারা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
বিকেল ৫টাট দিকে টাইগারপাসে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ মহানগর বিএনপির নেতাদের মিছিলের সঙ্গে মিলিত হয়ে কর্মসূচী সমাপ্ত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

