নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত দেশব্যাপী ধর্মঘট, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
মঙ্গলবার সংগঠনের সভাপতি মো. আবু হোরায়রার নেতৃত্বে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের সামনে মিছিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির ইউআইইউ, ডিআইইউ, প্রাইমএশিয়া, গ্রিন ও স্টেট ইউনিভার্সিটির নেতাকর্মীরা অংশ নেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৫টা থেকে নেতাকর্মীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসসংলগ্ন এলাকায় অবস্থান নেন। রাজধানীকে ছয়টি জোনে ভাগ করে দুপুর ২টায় বিক্ষোভ মিছিল হয়। ঢাকার বাইরে বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতেও অবস্থান কর্মসূচি পালিত হয়।
আবু হোরায়রা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে দেশের কোথাও নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদল বদ্ধপরিকর।
তিনি ইসলামী ছাত্রশিবিরের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এর কারণ শিক্ষার্থীদের সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন। পাশাপাশি অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ছাত্রলীগের কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ রাখার সমালোচনা করে তিনি এ সিদ্ধান্তের সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করার দাবি জানান। এ ছাড়া রাজনৈতিক প্রভাবমুক্ত, যোগ্য ও শিক্ষার্থীবান্ধব শিক্ষকদের ভিসি, প্রক্টর ও রেজিস্ট্রারসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি ক্যাম্পাসকে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত ও নিরাপদ করতে হবে। শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ছাত্রদল ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


