চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে নিহত কাউসার-উজ-জামান বাবলুর (৩৬) লাশ নিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছেন স্থানীয়রা। শনিবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ঢালারমূখ চৌধুরী মার্কেটে সড়ক অবরোধ করে রাখা হয়।
বিক্ষুব্ধ জনতা জানান, পুলিশ এখনও পর্যন্ত কোনো হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। বরং হত্যাকারীরা বাবলুর পরিবারকে হুমকি দিচ্ছে। কিভাবে তারা এতো সাহস পায়। পুলিশ চাইলেই সব পারে, কিন্তু তারা চেষ্টা করছে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। যতক্ষণ হত্যাকারীরা গ্রেপ্তার না হবে আমরা আন্দোলন চালিয়ে যাবো।
এদিকে সড়ক অবরোধ করার কারণে দুপাশে গাড়ির দীর্ঘ যানজট লেগে যায়। রাঙামাটি থেকে ছেড়ে আসা এবং চট্টগ্রাম থেকে রাঙামাটির দিকে অভিমুখী সকল যানবাহন দীর্ঘ দুই ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়।
পরে ঘটনাস্থলে আসেন রাউজান সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমা, রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম, বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, জসিম উদ্দিন।
এসময় প্রশাসনসহ বিভিন্ন নেতৃবৃন্দ বিক্ষুব্ধ জনতাকে বাবলুর হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেন। এরপরই অবরোধ প্রত্যাহার করে বাবলুর লাশ নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মাটি ও বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে কাউসার-উজ-জামান বাবলুকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত বাবলু রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ঢালার মুখ এলাকার নঈম সওদাগর বাড়ির আবুল কালাম সওদাগরের ছেলে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

