চট্টগ্রামের বোয়ালখালী এলাকায় একটি জ্যাকেট তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শনিবার বিকেলে কালুরঘাট সেতুর দক্ষিণ প্রান্তে বোয়ালখালী অংশে এভালন ফ্যাশন নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে তা পুরোপুরি নেভেনি।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার শ্রমিকরা সবাই নিরাপদে বের হতে পেরেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
কারখানার কাটিং সেকশনের কর্মী আবু সৈয়দ জানান, চারতলা ভবনটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
শ্রমিকদের ভাষ্যমতে, ভবনের নিচতলায় কাটিং, দ্বিতীয় ও তৃতীয় তলায় সুইং এবং চতুর্থ তলায় আয়রনের কাজ চলত। কারখানায় প্রায় ৪০০ শ্রমিক কাজ করতেন। আগুন লাগার সময় চতুর্থ তলায় ৫-৬ জন কর্মী কাজ করছিলেন, তবে তারা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

