চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও পিকআপের মাঝে চাপা পড়ে সালাউদ্দিন (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মঘাদিয়া মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে অর্থনৈতিক অঞ্চলের দিকে যাওয়ার সময় আবুতোরাব বাজারসংলগ্ন মুসলিম চত্বরে একটি ট্রাক ও পিকআপের মাঝখানে চাপা পড়েন সালাউদ্দিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এসএম সুমন বলেন, সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে উপজেলা যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

