কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অবস্থিত ইসলামাবাদ রেল স্টেশন চালু হওয়ার দুই বছর পার হলেও এখনো ঢাকাগামী ট্রেনের যাত্রা বিরতি না থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় লাখো মানুষ। নিজ এলাকায় আধুনিক রেল স্টেশন থাকা সত্ত্বেও যাত্রীদের বাধ্য হয়ে প্রায় ৪৫-৫০ কিলোমিটার দূরে কক্সবাজার রেল স্টেশনে গিয়ে ট্রেনে উঠানামা করতে হচ্ছে।
সরেজমিনে জানা গেছে, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত বহুল প্রত্যাশিত রেললাইন নির্মাণ শেষে ২০২৩ সালের শেষদিকে ট্রেন চলাচল উদ্বোধন করা হয়। একই সময়ে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় নির্মিত হয় একটি আধুনিক রেল স্টেশন, যা স্থানীয় জনগণের মাঝে নতুন আশার সঞ্চার করেছিল। তবে দীর্ঘ সময় পার হলেও এখনো এই স্টেশনে ঢাকা-কক্সবাজার রুটের কোনো ট্রেন যাত্রা বিরতি দেয় না।
ফলে ঈদগাঁওসহ আশপাশের রামু উপজেলার রশিদনগর, ঈদগড়, গর্জনিয়া, কক্সবাজার সদরের চৌফলদন্ডী ও ভারুয়াখালী, চকরিয়ার খুটাখালী এবং নাইক্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের প্রায় সাত লক্ষাধিক মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যাত্রীদের প্রথমে কক্সবাজার শহরে গিয়ে ট্রেনে উঠতে হয় এবং ফেরার পথে গভীর রাতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজ এলাকায় ফিরতে গিয়ে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে হয়।
স্থানীয়দের অভিযোগ, এতে সময় ও অর্থ—দুইয়েরই অপচয় হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য এই যাতায়াত অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে।
এদিকে, বিভিন্ন সূত্রে জানা গেছে, পর্যটননগরী কক্সবাজারের গুরুত্ব বিবেচনায় ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন সংযোজনের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রেক্ষাপটে ইসলামাবাদ রেল স্টেশনে যাত্রা বিরতির জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নতুন ট্রেনটি ইসলামাবাদ স্টেশনে থামলে এ অঞ্চলের বিপুল জনগোষ্ঠীর যাতায়াত সহজ হবে।
ঈদগাঁও উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম এবং জাহানারা ইসলাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন বলেন, ইসলামাবাদ স্টেশনটি শুধু ঈদগাঁও নয়, পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার মানুষের জন্যও গুরুত্বপূর্ণ। তাই দ্রুত এ স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি নিশ্চিত করা প্রয়োজন।
ইসলামাবাদ রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. আবদুল কাইয়ুম জানান, এ স্টেশনে ঢাকাগামী যাত্রীর চাহিদা অনেক বেশি। আশপাশের বিভিন্ন উপজেলার মানুষ এই স্টেশন ব্যবহার করতে পারেন। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিলে রেলখাত যেমন সমৃদ্ধ হবে, তেমনি জনগণের দুর্ভোগও কমবে।
এ বিষয়ে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ইসলামাবাদ স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি না থাকায় স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি তিনি অবগত আছেন। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং পর্যটন এলাকার গুরুত্ব বিবেচনায় যাত্রা বিরতি চালুর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

