রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুম থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুম থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে রুবেল হোসেন (৩১) নামে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াশরুমে থাকা অবস্থায় স্ট্রোক করে অথবা পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

শনিবার ভোরে রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত রুবেল হোসেন (৩১) এএসআই (স) হিসেবে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকালে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে ক্যাম্পের সদস্যরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ রিয়াজ আমীন, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভেতর থেকে বন্ধ থাকা স্টিলের দরজা কেটে এএসআই রুবেল হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ওয়াশরুমের ভেতর থেকে তার ব্যবহৃত গোসলের তোয়ালে, টর্চলাইট ও মোবাইল ফোন এবং সিগারেট উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ রিয়াজ আমীন বলেন, ‘আমাদের এক পুলিশ সদস্যের লাশ ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে অথবা পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও আইনগত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানান অধিনায়ক।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...