জুলাই আন্দোলনের শহীদদের অবদান দেশবাসী চিরকাল মনে রাখবেন বলে মন্তব্য করেছেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উন্নয়ন উপদেষ্টা আদিলুর রহমান খান।
শুক্রবার সকালে চট্টগ্রামের পাঁচলাইশে স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা ফ্যাসিবাদী সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করেছেন। আমরা তাদের কাছে ঋণী। তাদের মর্যাদা রক্ষা করা এবং স্মৃতি ধরে রাখা আমাদের দায়িত্ব।”
তিনি বলেন, সরকার শহীদদের পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণে কাজ করছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় 'জুলাই স্মৃতি উদ্যান'-এ একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে।
তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের পুনর্বাসন, স্মৃতি সংরক্ষণ এবং রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের নির্বাচিত সরকারও এই দায়িত্ব পালন করবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম জানান, স্মৃতিস্তম্ভের নির্মাণকাজে বেশ অগ্রগতি হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।
স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে উপদেষ্টা আদিলুর রহমান খান অতিবৃষ্টিতে ধসে পড়া নগরীর অক্সিজেন এলাকার একটি সেতু পরিদর্শনে যান এবং দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেন।
এ সময় জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং গণপূর্ত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

