রাঙামাটির কাপ্তাই উপজেলায় সাম্প্রতিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাপ্তাই উপজেলা শাখা।
সোমবার উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমির হারুনুর রশিদ, উপজেলা সেক্রেটারি এ বি এম সিরাজুল ইসলাম, জামায়াত নেতা মোহাম্মদ হানিফ, আমির হোসাইন, কামাল উদ্দিন ও আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও সামাজিক দায়িত্ব। দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সংগঠনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা শাখার নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে কাপ্তাই উপজেলার কয়েকটি এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের মধ্যে অনেকেই জরুরি খাদ্য ও ত্রাণ সহায়তার প্রয়োজনীয়তার মুখোমুখি হন। সেই প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

