আরাধ্য আর প্রেমা আইসিইউতে: শঙ্কামুক্ত হলেও পঙ্গু হয়ে গেছে দুর্জয়

আরাধ্য আর প্রেমা আইসিইউতে: শঙ্কামুক্ত হলেও পঙ্গু হয়ে গেছে দুর্জয়

চট্টগ্রামের লোহাগাড়ার জাঙ্গালীয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত ৭ বছরের শিশু আরাধ্যকেও আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এর আগে বুধবার রাতেই তাসলিমা ইসলাম প্রেমাকেও আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসাধিন আরাধ্যর মামাতো ভাই দুর্জয় জীবনহানি থেকে শঙ্কামুক্ত হলেও আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন।

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় আরাধ্যর দুই পা ভেঙ্গে গেছে। এছাড়া বুকে ও মাথায় আঘাত পেয়েছে। বারবার জ্ঞান হারাচ্ছে। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আইসিইউতে নেয়া হয়েছে।

এর আগে বুধবার রাতে একই দুর্ঘটনায় আহত তাসলিমা ইসলাম প্রেমাকেও আইসিইউতে নেয়া হয়। তার এক পা ও কোমর ভেঙ্গে গেছে। দুর্ঘটনার পর থেকে এখনো জ্ঞান ফেরেনি প্রেমার। ৭২ ঘণ্টা অবজারভেশনের পর অবস্থার উন্নতি হলে প্রেমা ও আরাধ্য দুজনকেই অস্ত্রপচার করা হবে। দুর্ঘটনায় আরেক আহত দুর্জয়ের অবস্থা স্থিতিশীল রয়েছে। জীবন হানীর শঙ্কা না থাকলেও একটি পা যেভাবে ভেঙ্গেছে তাতে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা একেবারেই ক্ষীন।

আহতদের পাশে উপদেষ্টা ও সিটি মেয়র:

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় আহতদের দেখতে দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন মুক্তিযুদ্ধ, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক। এসময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন। উপদেষ্টা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন। এসময় আহত তিন জনের চিকিৎসার সমস্ত দায় দায়িত্ব সিটিকর্পোরেশনের পক্ষ থেকে বহন করার ঘোষণা দেন সিটি মেয়র ডা. শাহাদাৎ হোসেন।

দুর্ঘটনার পর থেকে আহতদের চিকিৎসা ও নিহতদের মরদেহ হস্তান্তরের দায়িত্বে থাকা ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল জানান, রাতেই হতাহতদের স্বজনরা চট্টগ্রামে এসে পৌছে। সকালে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিটি কর্পোরেশন ছাড়া চমেক হাসপাতাল কর্তৃপক্ষ আরাধ্য, প্রেমা ও দুর্জয়ের চিকিৎসার দায় ভার নিয়েছে।

বুধবার সকালে ঈদের ছুটি কাটাতে কক্সবাজার যাওয়ার সময় লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে আরাধ্য,প্রেমা ও দুর্জয়ের পরিবার। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারায় দুটি পরিবারের ১০ জন সদস্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন