রায়পুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

রায়পুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুরের রায়পুরে মাছঘাটের আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রাব্বি (২২), ফরহাদ (২৭), সুমন (৩০) ও দেলোয়ার (৩২) গুরুতর বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শনিবার সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের সাজু মোল্লার মাছঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতা শফি উদ্দিন (৬০) অভিযোগ করে বলেন, একই ইউনিয়নের বিএনপি নেতা ফারুক সরদার, যুবদল নেতা আবুল কালাম বলি ও তারেক সরদারের নেতৃত্বে শতাধিক বহিরাগত লোক মাছঘাট দখলের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। হামলায় রাব্বি ও ফরহাদসহ ৮ জন আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি ফারুক সরদার বলেন, “১৭ বছর আগে থেকে আমি ঘাটের মালিক ছিলাম, যা আমরা কয়েকজন যৌথভাবে পরিচালনা করে আসছি। আজকের ঘটনা তারা নিজেরা নিজেরা মারামারি করেছে। ঘটনাস্থলে আমাদের দেলোয়ার ও সুমন নামে দুইজন আহত হয়েছে। তারা নিজেরা নিজেরা মারামারি করে উল্টো আমাদের ওপর হামলা চালিয়েছে।”

অন্যদিকে আরেক অভিযুক্ত উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ (বলি) বলেন, “ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। বরং আমি মারামারি থামানোর চেষ্টা করেছি।”

শফি সরদার উত্তর চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ও মহিউদ্দিন গাজী একই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে ফারুক সরদার একই ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সহ-সভাপতি ও আবুল কালাম আজাদ বলি উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি।

উল্লেখ্য, এর আগে গত ৭ এপ্রিল ২০২৫ উপজেলার উত্তর চরবংশীর মালেক খাঁ ব্রিজ সংলগ্ন সড়কে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্পেন প্রবাসী সাইজউদ্দিন দেওয়ান ও জসিম উদ্দিন বেপারী নামে দুই বিএনপি কর্মী নিহত হন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...