খাল খনন প্রকল্পে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: এমপি নিজাম

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

খাল খনন প্রকল্পে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: এমপি নিজাম

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, খাল খনন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রাজনীতি ছিল গ্রামভিত্তিক উন্নয়নকেন্দ্রিক। সেই ধারাবাহিকতায় তারেক রহমান-ও গ্রামভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছেন।”

রোববার আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এদিন চাতরী কান্দুরীয়া খাল পুনঃখনন কাজ, শঙ্খ নদীর সংযোগ খাল আহমদিয়া খাল এবং তজমুল আলী ও প্রতাব বাবুর বাড়ি সংলগ্ন খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়।

সরওয়ার জামাল নিজাম বলেন, “খাল পুনঃখননের মাধ্যমে একদিকে কৃষি খাতের উন্নয়ন হবে, অন্যদিকে গ্রামের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাই এই প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না।”

তিনি আরো বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে। বিশেষ করে গ্রামভিত্তিক প্রকল্পের আওতায় রাস্তাঘাট উন্নয়ন, সেতু নির্মাণ ও খাল খননের মতো গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও আরো উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানান তিনি।

বিগত সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে দেশের যে ক্ষতি হয়েছে, তা পুনরুদ্ধারে বিএনপি কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় পরৈকোড়া বাংলা খাল খনন প্রকল্পে স্থানীয় জনগণকে সম্পৃক্ত না করায় অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে এবং দীপক ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি এবং মো. জুনায়েত চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...