চাঁদপুরের ফরিদগঞ্জে ঋণে জর্জরিত হয়ে মিজান গাজী (৫০) নামে এক দিনমজুর বিষপানে আত্মহত্যা করেছেন। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামের গাজী বাড়িতে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। মিজান গাজী সাহাপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে। ৪ সন্তানের জনক ছিলেন মিজান গাজী।
জানা গেছে, মিজান গাজী বেশ কয়েকটি এনজিও সংস্থা থেকে ঋণ গ্রহণ করেছেন। এগুলোর নিয়মিত সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন। এরই মধ্যে তার স্ত্রীকে অন্য আরেকটি এনজিও থেকে ঋণ তোলার জন্য চাপ প্রয়োগ করছিলেন। কিন্তু স্ত্রী কোহিনুর বেগম এতে রাজি না হওয়ায় অভিমানে পরিবারের অগোচরে বিষপান করেন। পরে স্বজনরা টের পেয়ে দ্রুত তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার রাতে লাশ উদ্ধার করে বুধবার (২ জুলাই) ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। এ ঘটনায় তার স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

