ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

পরে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সরকারি ভবনের ছাদ, আঙিনা, ড্রেন, বাগান ও আশপাশের এলাকায় জমে থাকা প্লাস্টিক বর্জ্য, পরিত্যক্ত পাত্র ও স্থির পানি অপসারণ করা হয়।

অনুষ্ঠানে ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, এ কর্মসূচি কেবল এক দিনের নয়, এটি নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হবে। সরকারি দপ্তরের আঙিনা ও ছাদ নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভা, ইউনিয়ন পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানেও এ অভিযান সম্প্রসারণ করা হবে। জনসচেতনতা ও সবার অংশগ্রহণের মাধ্যমে সীতাকুণ্ডকে পরিচ্ছন্ন, এডিসমুক্ত ও নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া, উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম, আনসার ও ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষ, পরিসংখ্যান কর্মকর্তা মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন