সাবেক মন্ত্রী জাবেদের অর্থ পাচারের দুই সহযোগী গ্রেপ্তার

সাবেক মন্ত্রী জাবেদের অর্থ পাচারের দুই সহযোগী গ্রেপ্তার

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থ পাচার ও বিদেশে সম্পদ ব্যবস্থাপনার অভিযোগে তার ঘনিষ্ঠ দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেপ্তাররা হলেন আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল এবং আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজ। গত বুধবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতে তোলা হলে দুদক রিমান্ডে নেওয়ার আবেদন জানায়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়–১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ।

দুদকের কর্মকর্তারা জানান, উৎপল পাল মূলত জাবেদের বিদেশি সম্পদ দেখাশোনার দায়িত্বে ছিলেন। দুবাই ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের পরিকল্পনায় ‘মাস্টারমাইন্ড’ হিসেবে কাজ করতেন তিনি। অপরদিকে, আব্দুল আজিজের দায়িত্ব ছিল সম্পত্তি ক্রয় ও রক্ষণাবেক্ষণ। তাদের কাছ থেকে জব্দ করা দুটি ল্যাপটপ ও মোবাইল ফোনে বিপুল তথ্য পাওয়া গেছে। যা ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই জাবেদ, তার স্ত্রী, ভাইবোন ও ব্যবসায়ীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, আরামিটের কয়েকজন কর্মকর্তার নামে পাঁচটি নামসর্বস্ব প্রতিষ্ঠান খোলা হয়। এর একটি প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল ব্যাংক থেকে ১৮০ দিনের মধ্যে ফেরতযোগ্য টাইম লোন নিয়ে ২৫ কোটি টাকা উত্তোলন করা হয়।

পরবর্তী সময়ে সেই অর্থ বাকি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে স্থানান্তর করে বিদেশে পাচার করা হয়। এ অর্থের একটি অংশ আব্দুল আজিজের খোলা ‘ইম্পেরিয়াল ট্রেডিং’ নামে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেও যায়।

জাবেদ ভূমিমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন ২০১৯–২০ সালে জালিয়াতির মাধ্যমে ব্যাংকের অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের এই ঘটনা ঘটে বলে দুদকের তদন্তে উঠে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন